মহাসড়কে হেলে পড়া গাছের ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ

ঝালকাঠিতে বরিশাল পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলেপড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে পাথরঘাটাগামী সৈকত এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী পরিবহনের ছাদ উড়ে গেছে

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে জেলার রাজাপুর উপজেলার সমবায় নামক স্থানে মহাসড়কের উপর ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়া গছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় বাসের মধ্যে থাকা ড্রাইভার সুপারভাইজার ও যাত্রীসহ ১৩জন আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ফজরের নামাজের কিছু আগে রাস্তায় বিকট আওয়াজ পেয়ে বের হয়ে এ ঘটনা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।

দুর্ঘটনায় বাসের ছাদের পুরো অংশটাই উড়ে গিয়ে অন্য জায়গায় পড়েছে। সৈকত এন্টারপ্রাইজ নামের পরিবহনটি (ঢাকা মেট্রো-ব ১৪-৮৬৩৬) চট্টগ্রাম থেকে পাথরঘাটর উদ্দেশে ছেড়ে আসছিল।

স্থানীয়রা আরও জানায়, বার বার সড়ক ও জনপদকে সড়কে ঝুঁকে থাকা গাছ কর্তনের ব্যাপারে বলা হলেও তারা গুরুত্ব দেয়নি। তাদের অবহেলার কারণেই এভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীমা ইয়াসমিন বলেন, সড়কের পাশের কিছু গাছ সড়ক বিভাগের আর কিছু গাছ বন বিভাগের। আমাদের অতি ঝুঁকিপূর্ণ গাছগুলো কেটে ফেলা হয়েছে এবং বাকি গাছগুলোও কেটে ফেলা হবে।