পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় আড়তে তোলা হলেও ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেন।

পদ্মা নদীর জেলে জয়নাল মিয়া বলেন, দৌলতদিয়া ফেরীঘাটের উজানে পদ্মানদীতে জাল পেতেছিলাম। মঙ্গলবার সকাল ৯ টার দিকে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন ২৫ কেজি। দৌলতদিয়া ঘাটের বাজারে দুলাল মন্ডলের আড়তে নিয়ে গেলে মো. চান্দু মোল্লা ৩১ হাজার ২৫০ টাকায় কিনে নেন। জয়নাল মিয়া দীর্ঘদিন ধরে পদ্মানদীতে মাছ ধরেন বলেও জানান।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ফেরীতে মাছ বিক্রি করি। সেই সুবাদে ঢাকার অনেক মানুষের সঙ্গে তার পরিচয়। তারা নিয়মত আমার কাছ থেকে মাছ নেন। সে সব ক্রেতাদের কাছে মাছের ছবি পাঠানো হবে। দরদাম ঠিক হলে বাসায় পৌঁছে দেবো। ভারী বর্ষণের মধ্যে বিশাল আকৃতির এই মাছটি দেখার জন্য সকালে আড়তে মানুষের ভিড়ও ছিল।