রুবাইয়েত জাহানের নতুন গান ‘দুটি চোখ’

চট্টগ্রামের মেয়ে রুবাইয়েত জাহান। বর্তমানে ব্রিটিশ প্রবাসী এ শিল্পী পপসঙ্গীতসহ নানা ধরনের গান করে থাকেন। বাংলার বাইরে ইংরেজি, উর্দু, হিন্দিতেও তার গানের উল্লেখযোগ্য দর্শক রয়েছে। এ ছাড়া ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে তার গায়কি বেশ প্রশংসিত। বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করে কুড়িয়েছেন প্রশংসা। গানের চর্চা করে যাচ্ছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘দুটি চোখ’। গীতিকবিতা লিখেছেন ও সুরারোপ করেছেন  হীরা কাঞ্চন হীরক। আর সংগীতায়োজনে আছেন লন্ডনপ্রবাসী রাজা কাশেফ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

সেমি ক্ল্যাসিক ঘরানার এই গানটি মনোমুগ্ধকর চিত্রায়ণ করে ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। রুবাইয়েত জাহানের সঙ্গে ভিডিওতে দেখা যাবে রাজা কাশেফকে।

গানটি প্রসঙ্গে রুবাইয়াত জাহান বলেন, ‘দুটি চোখ’ প্রেমিককে কাছে পাওয়ার যে আকুলতা আর ব্যাকুলতা সেটিরই বহি:প্রকাশ।  সব শ্রেণির শ্রোতাদের ভালো লাগবে গানটি। আর ভিডিওটিও  সবার নজর কাড়বে বলে আশা করছি। চমৎকার সব চিত্রায়ণ আছে ভিডিওতে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনের অংশ হিসেবে আগামী ২৫ জুলাই, শনিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে  ‘দুটি চোখ’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক অ্যাপ ও রবি স্প্ল্যাশ এ।