খেলোয়াড়-কোচ-ফেডারেশনের মধ্যে আরো সমন্বয় দাবি অন্তরার

আন্তর্জাতিক আঙিনায় নিজেকে মেলে ধরতে খেলোয়াড়, কোচ ও ফেডারেশনের মধ্যে আরো বেশি সমন্বয় দাবি করেছেন দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) স্বর্ণজয়ী কারাতেকা হোমায়রা আক্তার অন্তরা।

২০১৯ সালের ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে তিনটি ইভেন্টে অংশ নিয়ে সব কটিতেই পদক জয় করেন অন্তরা। আসরে দেশকে প্রথম পদকটি উপহার দেন তিনিই। মেয়েদের একক কাতায় জয় করেন ব্রোঞ্জ। এরপর মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজিতে জয় করেন স্বর্ণ। পরে দলগত কুমিতে জেতেন রুপা।

এসএ গেমসে স্বর্ণ জয়ের স্বপ্ন সত্যি হওয়ার পর থেকেই এশিয়ান পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য ঠিক করেছেন ২০ বছর বয়সী অন্তরা। কিন্তু বন্ধুর এই পথ পাড়ি দিতে চাই ফেডারেশনের আরো বেশি সহায়তা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন অন্তরা। সেখানেই তার কাছে একটি প্রশ্ন ছিল এরকম ‘আন্তর্জাতিক আঙিনায় নিজেকে মেলে ধরার জন্য আপনি আরো কি ধরনের সহযোগিতা বা সুযোগ-সুবিধার প্রয়োজনীয়তা অনুভব করছেন?’

উত্তরে অন্তরা বলেন, ‘আমি যদি আমার পরবর্তী লক্ষ্য একেএফ বা এশিয়া গেমস ধরি, তাহলে খেলোয়াড় হিসেবে প্রথমত বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ট্রেনিং, বিভিন্ন আন্তর্জাতিক গেমস খেলা দরকার। যত বেশি গেম খেলব, তত বেশি অভিজ্ঞতা হবে এবং আমি তত বেশি খেলায় পারদর্শী হতে পারব।’

এরপর দেশি কোচদের দক্ষতা বাড়ানোর প্রসঙ্গে আসেন অন্তরা, ‘দ্বিতীয়ত বলতে চাই কোচের ব্যাপারে। আমাদের যিনি কোচ থাকবেন, যে ন্যাশনাল কোচের অধীনে আমরা প্র্যাকটিস করব, আমি মনেকরি তাদেরও বিভিন্ন ধরনের আন্তর্জাতিক গেম, একেএফ বা ডব্লিউকেএফ থেকে কোচেস কোর্স দরকার। বিভিন্ন সেমিনারে অংশ গ্রহণ করা দরকার। এ ছাড়া এশিয়ায় যারা শীর্ষ কোচ আছেন, তাদের স্ট্র্যাটেজি অনুসরণ করা দরকার। যেন তারা আমাদের জন্যও সে ধরনের পরিকল্পনা করতে পারেন। সেটা হলে আমরা একেএফে রেজাল্ট করতে পারব।’

এরপরই ফেডারেশন থেকে আরো বেশি সহযোগিতা দাবি করে অন্ততরা বলেন, ‘তৃতীয়ত, বাংলাদেশ কারাতে ফেডারেশনেরও যেটা করা উচিত, এশিয়ার যে শীর্ষ দেশগুলো আছে তাদের স্ট্র্যাটেজি ফলো করা। আমাদের খেলোয়াড় ও কোচদের সুযোগ করে দেওয়া বিভিন্ন গেমস, ট্রেনিংয়ে অংশ নেওয়ার। এ ছাড়া সার্বক্ষণিক দেখাশোনা বা কেয়ারিং করার ব্যবস্থাপনা, যে আমাদের কোনো অসুবিধা আছে কিনা। বা আমরা ঠিকমতো খেলাধুলা করতে পারব কিনা। আমাদেরকে সব সময় আশা দেওয়া।’

যোগ করে বলেন, ‘যত বড় গেম আসলে তত বড় বাজেট, তত বড় পরিকল্পনা-প্রোজেক্ট লাগে। যখন ফেডারেশন, কোচ, খেলোয়াড়দের সমন্বয়ে আমরা আপগ্রেড হব, তখনই আমরা বড় আসর থেকে রেজাল্ট করতে পারব।’

এ ছাড়া সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আবারো কারাতের জন্য নিজস্ব ভেন্যুর দাবিও জানিয়েছেন অন্তরা। এসএ গেমসে সাফল্যের পর থেকেই যে চাওয়ার কথা বলে আসছেন দেশের কারাতেকারা।

নেপাল এসএ গেমসে কারাতে থেকে ৩ স্বর্ণ, ৩ রুপা ও ১২ ব্রোঞ্জসহ মোট ১৮ পদক পেয়েছিল বাংলাদেশ।