জিলহজের চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ১ আগস্ট

মঙ্গলবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১ আগস্ট শনিবার বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

সভা শেষে সচিব জানান, মঙ্গলবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ঈদুল আজহা পালিত হবে ৩১ আগস্ট। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও আবহাওয়া অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদল উপস্থিত ছিল।

এদিকে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী ৩১ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ওই ঘোষণায় বলা হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার সেখানে ছিল ২৯ জিলকদ। চাঁদ দেখা না যাওয়ায় বুধবার থেকে মধ্যপ্রাচ্যে জিলহজ মাস শুরু হবে। একই হিসেবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত এবং ১০ জিলহজ অর্থাৎ ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যে। হজযাত্রীদের জন্য জিলহজ মাসের ৯ তারিখে আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া বাধ্যতামূলক।