ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো বিসিক

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮-এর অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনটির ‘ক’ তফসিলে বিসিককে অন্তর্ভুক্ত করে গত রবিবার প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পর পঞ্চম প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) এ আইনে অন্তর্ভুক্ত করা হলো। এ অন্তর্ভুক্তির ফলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পোদ্যোক্তারা বিসিকের মাধ্যমে ট্রেড লাইসেন্স, জমি নিবন্ধন, নামজারি, পরিবেশ ছাড়পত্র, নির্মাণ অনুমোদন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ, টেলিফোন সংযোগ, বিস্ফোরক লাইসেন্স, বয়লার সার্টিফিকেটসহ অন্যান্য সেবার জন্য অনলাইনে আবেদন এবং এক জায়গা থেকেই এসব সেবা পাবেন। ফলে বিনিয়োগকারীকে প্রাথমিক অনুমোদন ও অন্যান্য সেবার জন্য আর সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে যেতে হবে না। বিনিয়োগকারীদের কোনো সেবা কতদিনের মধ্যে দিতে হবে, সেটিও বিধির মাধ্যমে নির্ধারণ করা হবে। বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, বিসিকে ওয়ান স্টপ সুবিধা নিশ্চিতে শিগগিরই একটি প্রকল্প গ্রহণ করা ও কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হবে।

এদিকে করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের সহায়তায় প্রধানমন্ত্রীর ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনার ঋণ বিতরণে তদারকিসহ প্রয়োজনীয় সহায়তা দেবে বিসিক।

এ উদ্দেশ্যে সম্প্রতি বিসিকের ছয় পরিচালককে দায়িত্ব দেয় বিসিক। বিসিকের চেয়ারম্যান বলেন, ইতিমধ্যে ৪২টি জেলার এসএমই ঋণ বিতরণ কমিটির সভা হয়েছে। বৈঠকে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি জেলাগুলোর সভাও শিগগিরই হবে। তিনি বলেন, ক্ষুদ্র, মাইক্রো, কুটির ও মাঝারি শিল্পগুলোর লোন রিকভারি রেট ৯৯ শতাংশ। এ ধরনের প্রতিষ্ঠানকে ব্যাংক হতে ঋণ দেওয়া হলে তারা ক্ষুদ্র থেকে মাঝারি ও মাঝারি থেকে বৃহৎ শিল্পে পরিণত হতে পারবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।