দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী হিসেবে অনেকের পছন্দ চামড়ার তৈরি জিনিস। চামড়ার ব্যাগ, বেল্ট, জুতা ইত্যাদিতে প্রকাশ পায় আলাদা ব্যক্তিত্বও। তবে চামড়া বা লেদারের জিনিস আলাদাভাবে যত্নে রাখতে হয়।
সেই সঙ্গে সেগুলো পরিষ্কারও রাখতে হয় নিয়মিত।
১. বাজারে লেদারের জিনিস পরিষ্কার করার আলাদা ক্লিনার পাওয়া যায়। একে ‘সফট সোপও’ বলে। এই ক্লিনার দিয়েই লেদারের ব্যাগ বা জুতা পরিষ্কার করুন। ক্লিনারটি দিয়ে পরিষ্কার করার পরে হালকা ভেজা তুলা দিয়ে তা মুছতে থাকুন। দেখবেন যাতে চামড়ার গায়ে কোনোভাবে সাবান না লেগে থাকে। বছরে দুই থেকে তিনবার এভাবে পরিষ্কার করুন।
২. কখনই চামড়ার জিনিস অ্যালকোহল বা স্পিরিট জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করবেন না। এতে রং নষ্ট হয়ে যায়।
৩. চামড়ার জিনিসে পানি লাগলে সঙ্গে সঙ্গে তা ঝেড়ে ফেলে শুকাতে দিন। বর্ষায় চামড়ার ব্যাগ বা জুতা ব্যবহার না করাই ভালো। ব্যাগে বা জুতায় কোনো রকমের দাগ দেখলে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিন।
৪. অনেকে চামড়ার জিনিসকে উজ্জ্বল করার জন্য তেল ও কন্ডিশনার ব্যবহার করেন। এটি করা একদম উচিত নয়। সাময়িক চকচকে আনতে গিয়ে ব্যাগের রঙের ক্ষতি হয় এতে। বাজারে লেদার কন্ডিশনার পাওয়া যায়। তাই দিয়েই ব্যাগ বা জুতার নতুন রূপ ফেরান।
৫. চামড়ার জিনিস ব্যবহার করার সময়ে নিজের হাতও পরিষ্কার রাখুন। হাতে কোনো ময়লা বা তেল যেন না লেগে থাকে।
৬. চামড়ার ব্যাগ ফাঁকা পড়ে থাকলে তার মধ্যে খবরের কাগজ বা বাবল র্যাপ, অন্তত পুরনো জামাকাপড় ভরে রাখুন। এতে ব্যাগের আকার অটুট থাকবে। চামড়ার জিনিস দিন পনেরো অন্তর আলমারি থেকে বের করে আলো-হাওয়াপূর্ণ জায়গায় রাখুন।