সোনারগাঁয়ে ১৭ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন নিয়ে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছে কমিটির সম্ভাব্য প্রার্থীরা। ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের পর প্রায় দেড় যুগ কেটে গেলেও নতুন করে আর কোনো কমিটি গঠন করা হয়নি। ১৭ বছর আগে যাদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল তারা সবাই এখন উপজেলা বিএনপির মূল কমিটি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বে চলে গেছেন। ফলে ছাত্রদলের কমিটি ছাড়াই চলছে সোনারগাঁ বিএনপির কর্মকা-।
সম্প্রতি সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে কেন্দ্র থেকে ইঙ্গিত দেওয়ার পর নড়েচড়ে বসেছেন ছাত্রদলের পদ-পদবিতে আসার জন্য উন্মুখ স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সোনারগাঁয়ে উপজেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেলেও পাশাপাশি দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।
অনেকের আশঙ্কা, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ কমিটি চলে যেতে পারে অযোগ্যদের হাতে। যারা দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন, তৃণমূলের রাজনীতিকে চাঙ্গা রেখেছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন তারা যদি কমিটিতে স্থান না পান, তাহলে এ কমিটি গঠন করে কোনো ফল হবে না বলে মনে করছেন ত্যাগী নেতাকর্মীরা।
সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আসন্ন কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন জাকারিয়া ভূঁইয়া, মো. শাহজালাল, মাসুদ রানা বাবু, বায়জিদ ভূঁইয়া, আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম জনি, জান্নাতুল ফেরদৌস সানি, আবু তাহের রিফাত, সাইফুল ইসলাম জিকু, আরিফুল ইসলাম রাজ, সাকিল আহম্মেদ ভূঁইয়া ও আলমগীর হোসাইন খান।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রদলের এক আহ্বায়ক পদপ্রার্থী বলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের কমিটিগুলোতে বরাবরই ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। বিগত উপজেলা যুবদলের কমিটিতেও একই ঘটনা ঘটেছে। আর্থিক সুবিধা নিয়ে অযোগ্যদের দিয়ে এ কমিটিগুলো করা হয়েছে। তাই উপজেলা ছাত্রদলের আসন্ন কমিটি নিয়েও শঙ্কায় রয়েছি। তাছাড়া উপজেলা বিএনপির গ্রুপিংয়ের প্রভাবও এ কমিটির ওপর পড়তে পারে।
১৭ বছর আগে উপজেলা ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পদক নির্বাচিত হওয়া ফারুক আহমেদ তপন জানান, এত বছর ধরে যদি ধারাবাহিকভাবে কমিটি হতো তাহলে আরও অনেক নতুন নেতৃত্ব তৈরি হতো কিন্তু বিভিন্ন কারণে কমিটি করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব বলেন, ২১ সদস্যের আহ্বায়ক কমিটির জন্য সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা তৈরি করেছি। হয়তো চলতি মাসেই কমিটি ঘোষণা করা হবে। সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, আর্থিক সুবিধা নিয়ে কিংবা স্থানীয় গ্রুপিংয়ের একপেশে কমিটি হলে নেতাকর্মীরা কখনই মেনে নেবে না।