আলট্রাসনোগ্রাফিতে দুই শিশুর ছবি দেখা গেলেও সিজার অপারেশনের মাধ্যমে মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে এক শিশু। প্রসূতির পরিবার এখন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আরেকটি সন্তান দাবি করছে। যদিও আলট্রাসনোগ্রাম রিপোর্ট ভুল বলে দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের লোকনাথ টেংকের উত্তর পাড়ের সেবা ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের স্ত্রী শিউলি বেগম প্রসব বেদনা নিয়ে গত সোমবার বিকেলে সেবা ক্লিনিকে ভর্তি হন। এর আগের দিন গত ১২ জুলাই করা আলট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে শিউলির গর্ভে দুটি শিশু রয়েছে বলে জানানো হয়। এরপর সন্ধ্যায় অস্ত্রোপচারের পর তার কোলে তুলে দেওয়া হয় এক শিশু। সেবা ক্লিনিকের চিকিৎসক সাইমা রহমান অস্ত্রোপচার করেন। এমনকি অস্ত্রোপচারের আগেও পেটে দুই শিশুর কথা বলা হয়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগ্বিতন্ডায় জড়ায় শিউলির পরিবারের লোকজন।
সেবা ক্লিনিকের চিকিৎসক সাইমা রহমান বলেন, আলট্রাসনোগ্রাম রিপোর্টটি ভুল। অস্ত্রোপচারের সময় গর্ভে একটি শিশুই ছিল। আলট্রাসনোগ্রাম করা সেফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক মোজাম্মেল হকও আলট্রাসনোগ্রাম রিপোর্টটি ভুল ছিল বলে পরে জানান।