ঝিনাইদহে করোনায় ব্যাংক কর্মকর্তাসহ ২জনের মৃত্যু

ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তাসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শৈলকুপায় কৃষি ব্যাংকের কর্মকর্তা বিপুল গাঙ্গুলি বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি সদর উপজেলার বিজয়পুর গ্রামের বাসুদেব গাঙ্গুলির ছেলে।

মৃতের ভাই সঞ্জয় গাঙ্গুলি জানান, গত রবিবার রাতে বিপুলের করোনা পজিটিভ রিপোর্ট আসলে সোমবার সকালে ঝিনাইদহ শিশু হাসপাতালে ভর্তি করান। পরে ওই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

অপরদিকে ঝিনাইদহ শহরের আরাপপুর পশ্চিমপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে সাজ্জাদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত হয়ে জ্বর, সর্দি, শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে এক সপ্তাহ আগে ঝিনাইদহ শিশু হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান। তিনি পৌর এলাকার আরাপপুর পশ্চিমপাড়ার আবেদ আলীর ছেলে ও শহরের মুন্সি মার্কেটের নবীন ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই জনকে দাফন করা হয়েছে।

তিনি আরও জানান, জেলায় করোনা উপসর্গ এবং আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ জনের লাশ দাফন করা হয়েছে।