সাভারের আশুলিয়া থানা সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতি সুরুজ বেপারীর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
বুধবার বেলা ১১টার দিকে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে বাইপাইল এলাকার আজিজ সুপার মার্কেটের প্রায় শতাধিক ব্যবসায়ী এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, সড়ক পরিবহন শ্রমিক লীগের ব্যানারে বিভিন্ন সময় আড়তের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করত সুরুজ। চাঁদা না দিলে মদ্যপ অবস্থায় ব্যবসায়ীদের মারধরও করত সে। এ ঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগী ব্যবসায়ীরা সাধারণ ডায়েরি করলেও পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আড়তের দুই ব্যবসায়ী বিশ্বনাথ ও সোহাগকে আটক করে নিয়ে যায়।
আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দীপু বলেন, আজিজ সুপার মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য আড়তদাররা সুরুজ বেপারীর দোকানে অন্যায়ভাবে তালা মেরে দেন। গতকাল সকালে তালা খুলে দিতে গেলে আড়তদাররা পুলিশের ওপর হামলা চালান। পুলিশের ওপর হামলা এবং সুরুজকে মারধরের ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।