সিঙ্গাপুরে আটকে পড়া ১৬০ বাংলাদেশি ফিরলেন ইউএস-বাংলায়

কোভিড-১৯ এর কারণে আটকে পড়া বাংলাদেশিরা সিঙ্গাপুর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ফিরেছেন। বুধবার সিঙ্গাপুর থেকে ১৬০ যাত্রী সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 

সিঙ্গাপুরে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইনস বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করে। 

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় সিঙ্গাপুরে থেকে বুধবার আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হয়। 

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস সিঙ্গাপুর ছাড়াও কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, লাহোর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে। 

কোভিড-১৯ মহামারীকালীন রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স শুধু ঢাকা থেকে গুয়াংজু রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে।