শ্রীলঙ্কায় হতে পারে হাই পারফরম্যান্স দলের ক্যাম্প

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) সভা বুধবার মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। যে সভায় এইচপি দলকে অনুশীলনে ফেরানো, এইচপি কোচ নিয়োগ ও এইচপি দলের সম্ভাব্য শ্রীলঙ্কা সফর নিয়ে আলোচনা হয়েছে।

সভা শেষে ভিডিও বার্তায় এইচপি কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় এদিনের আলোচনার নানা দিক তুলে ধরেছেন।

সেপ্টেম্বরে এইচপি দলের সম্ভাব্য শ্রীলঙ্কা সফর নিয়ে এখন পর্যন্ত ইতিবাচকই মনে হচ্ছে বিসিবিকে। দুর্জয় জানালেন, যদি দল শ্রীলঙ্কায় যায় সেক্ষেত্রে সিরিজের আগে দলের ক্যাম্প শ্রীলঙ্কাতেও হতে পারে।

দুর্জয় বলেন, ‘শ্রীলঙ্কায় যদি আমরা যাই সেখানে ম্যাচ খেলব, ট্রেনিং করব। তার আগেও তো আমাদের একটা প্রস্তুতি দরকার। সেটা তো এখান থেকেই শুরু করতে হবে। এটার সঙ্গে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে। সেটাও মাথায় আছে। প্রস্তুতি ক্যাম্প এখানেও হতে পারে, শ্রীলঙ্কাতেও হতে পারে। এসব নিয়ে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গেও আমরা যোগাযোগ করব, তারা কীভাবে আয়োজন করতে পারে।’

গত ডিসেম্বরে এইচপি দলের কোচের দায়িত্ব ছেড়েছেন সাইমন হেলমট। এখন নতুন কোচের খোঁজে বিসিবি। দুর্জয় কোচ নিয়োগ প্রসঙ্গে বলেন, ‘যারা আগ্রহ প্রকাশ করেছেন, তাদের শর্ট লিস্ট আমরা করেছি। তাদের সঙ্গে আবার যোগাযোগ করে খোঁজ নিচ্ছি। কারণ অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন করোনাভাইরাস মহামারির আগে। তাদের মনোভাব পরিবর্তন হয়েছে কিনা, আবার নতুন করে জানতে হবে।’