ভুল সংশোধনের দোহাই দিয়ে টাকা নিতেন চেয়ারম্যান

হবিগঞ্জের বানিয়াচংয়ের মন্দরী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনৈতিকভাবে টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার তালিকায় ভুল সংশোধনের দোহাই দিয়ে চেয়ারম্যান শেখ সামছুল হক ভোটারদের কাছ থেকে ৫০০ টাকা করে নিয়েছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। অন্যদিকে প্রণোদনার তালিকায় স্বজনপ্রীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে নবীগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের এক কাউন্সিলরকে। মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

বানিয়াচংয়ের মন্দরী ইউনিয়নের ১৪ জন ভোটার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীঘোষিত ২ হাজার ৫০০ টাকা প্রণোদনার ভাতার তালিকায় ইউপি চেয়ারম্যান তাদের নাম তালিকাভুক্ত করেন। পরে ‘তালিকায় ভুল হয়েছে’ জানিয়ে সম্প্রতি তাদের অফিসে যেতে বলা হয়। সেখানে প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করেন তিনি। এ সময় যারা ভুল সংশোধনীর টাকা দেবে না, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার হুমকি দেন ইউপি চেয়ারম্যান সামছুল হক।

অভিযোগকারীরা হলেন ওই ইউনিয়নের তোতা মিয়া, কামাল মিয়া, ইলিয়াস মিয়া, সোয়াই মিয়া, আশিক মিয়া, আবিদুর রহমান, আঙ্গুরা খাতুন, আজিজুল মিয়া, আয়াত আলী, শাহেদ, আবুল কালাম, আবদাল মিয়া, কাজল মিয়া ও জহুর বানু।

মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক বলেন, অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না।

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, অভিযোগটি তদন্ত করার জন্য এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর প্রণোদনার তালিকায় স্বামী, মেয়ে, দুই ভাবি, ভাতিজি এবং ভাইয়ের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নবীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোছা. রোকেয়া বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন বঞ্চিতরা।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়েছে বলে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নিশ্চিত করেছেন।