মির্জাপুরে বিদ্যুৎস্পর্শে কলেজ ছাত্রের মৃত্যু

করোনা পরিস্থিতিতে সৃষ্ট আর্থিক সংকটে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন কলেজছাত্র। গত মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার ভাওড়া এলাকায় এই ঘটনা ঘটে।

উপজেলার বহুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সামাদ সিকদার বলেন, কলেজছাত্রের নাম বলরাম রাজবংশী (২২)। তিনি বহুরিয়া গ্রামের আনন্দ রাজবংশীর ছেলে। বলরাম মির্জাপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকালে বলরাম নৌকায় যাত্রী পারাপারের কাজ শুরু করেন। দুপুরের দিকে এক যাত্রীসহ বহুরিয়া থেকে উপজেলার সরিষাদাইড়ের দিকে রওনা হন। পরে বিকেলে ভাওড়া বিল দিয়ে যাওয়ার সময় ওপর দিয়ে প্রবাহিত বিদ্যুতের তারের স্পর্শ লেগে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে মারা যান বলরাম।