কোয়ারেন্টাইন শেষে পরপর নাটকে অপূর্ব-আরিয়ান

টানা চার মাস ঘরবন্দি। এর পর ৭ জুলাই মিজানুর রহমান আরিয়ানের ‘প্রাণ প্রিয়’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফেরেন অপূর্ব। কিন্তু একদিনের মাথায় পুরো ইউনিটকে যেতে হয় হোম কোয়ারেন্টাইনে।

কারণ, ৮ জুলাই ইউনিটের দুই সদস্যের করোনা পরীক্ষা পজিটিভ হয়। এর পর টানা ১২ দিন ঘরে ছিলেন নায়ক ও পরিচালক। দুই দফা টেস্টে ফলাফল নেগেটিভ নিয়ে সেটে ফিরলেন আরিয়ান ও অপূর্ব।

২০ জুলাই শুটিংয়ে ফিরে অপূর্ব শেষ করেন মেহজাবীন চৌধুরীর সঙ্গে ‘প্রাণ প্রিয়’র বাকি থাকা দুটি দৃশ্য। পরদিন আরিয়ান শুরু করেন ‘জানবে না কোনদিন’। এতে অপূর্বর নায়িকা তাসনিয়া ফারিন। সেই নাটকের শুটিং শেষ হচ্ছে আজ।

আরিয়ান জানান, এই ঈদে আরও একটি নাটক করছেন অপূর্বকে নিয়ে। ‘ছায়াছবি’ নামের ওই নাটকের নায়িকা মেহজাবীন চৌধুরী।

তিনটি নাটকই প্রযোজনা করেছে সিএমভি। যা উন্মুক্ত হবে ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।