আশুলিয়ায় ঈদুল আজহা উপলক্ষে হাটে গরু বিক্রি করে বাড়ি ফেরার সময় দুই ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ১৬ লাখ টাকা লুট করে নিয়েছে ছিতাইকারীরা। পরে আহত ব্যবসায়ীদের সাভারের সীমা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু।
এর আগে বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- ধামরাইয়ের বাথুলি এলাকার মো. শওকত হোসেনের ছেলে হাজী আমজাদ হোসেন ও একই এলাকার আবদুল লতিফ হোসেনের ছেলে মো. আবু সাইদ।
এ ব্যাপারে আহত গরু ব্যবসায়ী হাজী আমজাদ হোসেন জানান, আশুলিয়ার হাটে গরু বিক্রির প্রায় ১৬ লাখ টাকা নিয়ে নিজেদের প্রাইভেটকারে ধামরাইয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মহাসড়কে যানজট থাকায় টঙ্গাবাড়ির ভেতরে একটি শাখা সড়ক দিয়ে ফিরতে শুরু করেন। কিছদূর যাওয়ার পর সড়কের উপর বাঁশ বাধা দেখে প্রাইভেটকার থামান তারা। গাড়ি থামাতেই সড়কের দুই পাশ থেকে ৭ থেকে ৮ জন যুবক গাড়ির কাছে এসে প্রথমেই গাড়ির গ্লাস ভেঙে ফেলে। পরে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ৮ লাখ ২০ হাজার টাকা ও তার সঙ্গে থাকা ব্যবসায়ী আবু সাইদের বাম হাতে চাপাতি দিয়ে কুপিয়ে ব্যাগে থাকা ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এছাড়া্ও দুইজনের পকেটে থাকা আরও বেশকিছু টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় প্রাইভেটকারের চালকেও বেধড়ক মারধর করা হয়। দুষ্কৃতদের হাতে চাপাতি ও ধারালো অস্ত্র ছিল বলেও জানান তিনি।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার একটি আঞ্চলিক সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। আমরা খুব শিগগিরই ছিনতাইকারীদের ধরতে অভিযান চালাবো।