মাদারীপুরের রাজৈরে বন্ধুরা মিলে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজছাত্র নিহত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার দুর্গাবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের খলিলুর রহমান মোল্লার ছেলে সাফায়েত শেখ (১৮) ও রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক শওকত হোসেনের ছেলে শাফিন শেখ (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয় সাফায়েত ও শাফিন। রাজৈর থেকে দুর্গাবর্দী যাওয়ার পথে সড়কে থাকা কুকুরের ওপর মোটরসাইকেল উঠিয়ে দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় তারা। এতে তারা দুজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে সাফায়েত ও শাফিনের মৃত্যু হয়।
এ ছাড়া একই দিন দুপুরে কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বালীগ্রাম এলাকায় ট্রাকচাপায় মিলন ভূঁইয়া (৪০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। মিলন মাদারীপুর সদরের করদী এলাকার বিল্লাল ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ। মাদারীপুর ডাসার থানার ওসি আব্দুল ওহাব মিয়া ও রাজৈর থানার ওসি শেখ সাদি দুজনই ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন।
নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, ঘুমন্ত শিশু নিহত : নরসিংদীর পলাশে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে পড়া পণ্যবাহী ট্রাকচাপায় ঝিনুক (৭) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ চরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনুক দক্ষিণ চরপাড়া গ্রামের শফি মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে নরসিংদীগামী একটি পণ্যবাহী ট্রাক ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুসংলগ্ন পূর্ব পাড়ের সড়কের ঢালু দিয়ে সোজা নিচে নেমে দক্ষিণ চরপাড়ার নুরু মিয়ার দোকানঘর গুঁড়িয়ে দিয়ে বসতঘরে ঢুকে পড়ে। এতে ট্রাকটির চাপায় ঘটনাস্থলেই ঝিনুকের মৃত্যু হয়। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নওগাঁয় ভটভটিচাপায় যুবক নিহত : নওগাঁর পোরশায় ভটভটিচাপায় ফাইম হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়গ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। ফাইম নিয়ামতপুর উপজেলার বেলহট্টি গ্রামের প্রয়াত গণির ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে সার ক্রয়ের জন্য বড়গ্রাম বাজারের একটি দোকানের সামনে বসেছিল ফাইম। এ সময় বড়গ্রাম থেকে ধান বোঝাই একটি ভটভটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানটির সামনে উল্টে যায়। এতে ফাইম হোসেন ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পোরশা থানার ওসি শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। (প্রতিবেদনটি তৈরিতে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্য ব্যবহার করা হয়েছে।)