বেরোবির সেই ৩ কর্মকর্তা বহিষ্কার

দুর্নীতি মামলার আসামি হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। তারা হলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ, উপরেজিস্ট্রার মোর্শেদুল আলম রনি ও হিসাব শাখার উপপরিচালক খন্দকার আশরাফুল আলম।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এসব তথ্য জানান। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘মামলাটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য অধ্যাপক জলিল মিয়ার আমলে, যে কারণে তিনি নিজেও জেল খাটেন। সে সময়ে অবৈধভাবে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দিয়ে যে সিন্ডিকেট তৈরি করা হয়েছিল, তার ফল এখনো বিশ্ববিদ্যালয় ভোগ করছে।’

সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়া ৩৩৮ কর্মচারীকে নিয়োগ এবং শর্ত পূরণ ছাড়াই পারস্পরিক যোগসাজশে উচ্চতর পদে নিয়োগের অভিযোগে ২০১৩ সালে দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আব্দুল করিম কোতোয়ালি থানায় মামলা করেন।

এ মামলার পাঁচ আসামির মধ্যে উপাচার্য জলিল মিয়া ও রেজিস্ট্রার শাহজাহান আলী মন্ডল জেল খাটেন। পরে রেজিস্ট্রারকে বহিষ্কার করা হলেও রহস্যজনক কারণে এতদিন এই তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন।