হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বরইউরি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক কামাল মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি হলদারপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে তিনি খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আজিজুর রহমান জানান, গত বুধবার সন্ধ্যায় কামাল মিয়া নামে এক ব্যক্তির জানাজা পড়তে নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে যান। সেখান থেকে ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যান। রাত ১২টার দিকে মারা যান কামাল মিয়া।
ওসি আরও বলেন, বরইউড়ি ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমানের সঙ্গে নিহত কামালের গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। বছরখানেক আগে কামালের এক চাচাতো ভাই প্রতিপক্ষের লোকজনের হাতে খুন হন। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের মধ্যে চেয়ারম্যানও রয়েছেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, কামাল হত্যাকান্ডে প্রতিপক্ষ জড়িত থাকতে পারে। গতকাল এ রিপোর্ট লেখার সময় কোনো মামলা হয়নি।