পাকিস্তানে এইচআইভি’র সংক্রমণ ও মৃত্যু বাড়ছে

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে প্রাণঘাতী এইচআইভি’র সংক্রমণ কিছুটা কমলেও পাকিস্তানে এর সংক্রমণ ও মৃত্যু বেড়েছে বলে জানিয়েছে এ বিষয়ক জাতিসংঘের অঙ্গসংগঠন ইউএনএআইডিএস।

এইডস বিষয়ক ২০২০ সালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে পাকিস্তানের জিও নিউজের খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “কম্বোডিয়া, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এইচআইভি’র সংক্রমণ সামান্য কমেছে। কিন্তু পাকিস্তান ও ফিলিপাইনে অনেক বেড়েছে।”

“পাকিস্তান, আফগানিস্তান ও ফিলিপাইনে এইডস সংক্রান্ত মৃত্যুও বেড়েছে। দেরিতে শনাক্ত ও দুর্বল চিকিৎসা অবকাঠামোর জন্য সংক্রমণ ও এইডস সংক্রান্ত মৃত্যু থামানো যাচ্ছে না। এইচআইভিতে সংক্রমিত অর্ধেক মানুষই জানেন না এইচআইভি কী।”

রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে ৩ কোটি ৮০ লাখ মানুষ এইচআইভি সংক্রমণ নিয়ে বাস করছেন। এর মধ্যে ২ কোটি ৫৪ লাখ মানুষ চিকিৎসা পাচ্ছেন না। অন্যরা এখনো চিকিৎসার আওতার বাইরে।

২০১০ সাল থেকে সার্বিকভাবে বিশ্বে জুড়ে এইচআইভি’র সংক্রমণ ২৩ শতাংশ কমেছে। সংক্রমণ ৩৮ শতাংশ কমেছে পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে।

দুর্ভাগ্যক্রমে এইচআইভির সংক্রমণ ৭২ শতাংশ বেড়েছে পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলোতে। মধ্য প্রাচ্যে বেড়েছে মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকায় এবং ২১ শতাংশ বেড়েছে লাতিন আমেরিকায়।