ঈদুল আজহা উপলক্ষে নানা ধরনের নাটক তৈরি হচ্ছে। এর মধ্যে প্রাধান্য পাচ্ছে রোমান্টিক-কমেডিধর্মী গল্প। তেমন একটি নাটক ‘বেদানা বিবির বিন্নি’।
নাটকটির কাহিনি এমন— কবি কিসমত মিয়া একটি স্টিমারের মালিক। তার একমাত্র মেয়ে কদম। বিয়ের বয়স হয়েছে, কিন্তু কালো মেয়েকে বিয়েটা করবে কে? তাই সুযোগ পেলেই মেয়েকে যে কোনো পাত্রের গলায় ঝোলাতে ব্যতিব্যস্ত তিনি।
এ দিকে পুরান ঢাকার বেদানা বিবির আদরের মেয়ে বিন্নি। হঠাৎ করে বমি শুরু হয় তার। বেদানা বিবি সন্দেহ করে লজিং মাস্টার আজগরকে। নিরীহ স্বভাবের আজগর অপরাধী হয়ে বোরকা পরে পালিয়ে বেড়ায় অলিগলিতে।
একপর্যায়ে কিসমত মিয়ার কাছে উদ্ধার পাওয়ার বুদ্ধি চেয়ে উল্টো নতুন বিপদের ফাঁদে পড়ে আজগর। কিসমত তাকে বাথরুমে তালা মেরে রাখে কদমের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। এমন অসহায় অবস্থায় কী করবে আজগর?
ক্রাউন এন্টারটেইনমেন্টের ব্যানারে চ্যানেল আইয়ের জন্য এমন অদ্ভুত গল্পে তৈরি হয়েছে ‘বেদানা বিবির বিন্নি’। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম।
নাটকটির মূল চরিত্রে আছেন কবি মারজুক রাসেল। অন্যান্য চরিত্রে অভিনয়ে রয়েছেন মুমতাহিনা টয়া, মনিরা মিঠু, সোহেল খান, মোনালিসা দীপা, ইকবাল হোসেন, চাষী আলম, রাজু আহসান, দাউদ প্রমুখ।