ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা লিভারপুলের হেন্ডারসন

সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী লিভারপুলকে অসাধারণ নেতৃত্ব দেওয়া জর্ডান হেন্ডারসন অসাধারণ এক স্বীকৃতি পেয়েছেন। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন- এফডব্লিউএ’র ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।

হেন্ডারসনের অধিনায়কত্বে তিন দশকের বেশি সময় পর প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লিভারপুল। এফডব্লিউএ’র মোট ভোটের এক-চতুর্থাংশের বেশি পেয়ে বর্ষসেরা নির্বাচিত হলেন এই মিডফিল্ডার।

এই অর্জনে দারুণ খুশি হেন্ডারসন। এটা পুরো দলের অর্জন বলে উল্লেখ করলেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

“পুরো দলের পক্ষ হয়ে এটা আমি গ্রহণ করছি। কারণ তাদের ছাড়া আমি এই সম্মান পেতাম না। সতীর্থরাই আমাকে আরও ভালো খেলোয়াড়, অধিনায়ক ও ব্যক্তি বানিয়েছে।”

এফডব্লিউএ’র শীর্ষ পাঁচে থাকা বাকি ফুটবলাররা হলেন- লিভারপুলে হেন্ডারসনের সতীর্থ ভার্জিল ফন ডাইক, সাদিও মানে, ম্যানচেস্টার সিটির কভিন ডি ব্রুইনে ও ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র‍্যাশফোর্ড।