নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের কারখানা ও বিপুল পরিমাণ পলিথিন সহ কাঁচামাল জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৫৯ হাজার ১০০ টাকা।
শুক্রবার বিকেল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ইউনিয়নের সতরশ্রী বাজারের কাছে কৃষক বন্ধু অটো রাইস মিলে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক জাহাঙ্গীর রানাকে দেড় লাখ টাকা অর্থদণ্ড আদায়সহ এক বছরের কারাদণ্ড দেন। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুর আহমেদ।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনএসআই নেত্রকোনার উপ-পরিচালক মো. তৌহিদুর রহমানের নেতৃত্বে একটি টিম কৃষক বন্ধু অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুর আহমেদ দেশ রূপান্তরকে জানান, অটো রাইস মিলের ভেতরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণন করে। এ অপরাধের জন্য এর মালিককে পরিবেশ আইনে দেড় লাখ টাকা অর্থদণ্ডসহ এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আনুমানিক ৭ লাখ ৫৯ হাজার ১০০ টাকার পলিথিন সহ কাঁচামাল জব্দ করে কারাখানাটি সিলগালা করে দেয়া হয়েছে। জব্দকৃত মালামাল পরিবেশ অধিদপ্তরের নেত্রকোনার সহকারী পরিচালক মিজানুর রহমানের জিম্মায় দেয়া হয়েছে।