বকেয়া বেতনের দাবি

বিমানবন্দর সড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শুক্রবার সকালে শ্রমিকদের অবরোধে গুরুত্বপূর্ণ ওই সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তির মুখে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ।

দক্ষিণখান থানার ওসি সিকদার মো. শামীম হোসেন জানান, ঈদুল আজহার আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে দক্ষিণখানের রেদওয়ান গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তবে দ্রুতই তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া  হয়। এ ব্যাপারে আলোচনার জন্য তারা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকায় বিমানবন্দর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকে পড়ে প্রচুর যানবাহন। শ্রমিকদের দাবি, তাদের ছয় মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে বারবার তাগাদা দেওয়া হলেও মালিকপক্ষ তা আমলে নেয়নি। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।