ঢাকায় জলাবদ্ধতা

দায়ীদের নাম প্রকাশ ও শাস্তি দাবি বাসদের

ঢাকার জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতার জন্য দায়ীদের শাস্তি দাবি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির নেতাদের দাবি, বছরের পর বছর জলাবদ্ধতা নিরসনের নামে শত শত কোটি টাকা খরচ করা হলেও সমন্বিত কোনো উদ্যোগ না থাকায় ক্রমাগত সমস্যা বেড়ে চলেছে। জলাবদ্ধতা নিরসনে দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করে তাদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বাসদের কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন বলেন,  দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সেগুলোর রক্ষণাবেক্ষণ না করে একে অপরের ওপর দোষ চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে চলছে।  বাসদ ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজ বলেন, ঢাকা শহরের পানি নিষ্কাশনের দায়িত্ব ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, দুই সিটি করপোরেশন, রাজউক, ক্যান্টনমেন্টসহ ৬টি সংস্থার। জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনাকারী এবং পরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করে ব্যর্থতা ও দুর্নীতির জন্য তাদের শাস্তির দাবি করেন তিনি। বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য খালেকুজ্জামান লিপন, আহসান হাবিব বুলবুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরি জয় প্রমুখ।