‘মাদক কারবারি’ দু’গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত

ফেনীর ছাগলনাইয়ায় ‘মাদক কারবারিদের’ দুই গ্রুপের গোলাগুলিতে নজরুল ইসলাম নকুল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের তাহের আহাম্মদ মেম্বার সড়কে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে অস্ত্র, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করা হয়। নজরুল একই ইউনিয়নের জয়পুর গ্রামের প্রয়াত শেখ আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে শুভপুর এলাকায় মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলির খবরে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুটি রামদা, ২০ বোতল ফেনসিডিল ও ২০০ ইয়াবাসহ এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন জানান, নিহত নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ৯টি মামলা রয়েছে।