এই দিনে

কথাসাহিত্যিক মনোজ বসুর জন্ম যশোর জেলায়, ১৯০১ সালের ২৫ জুলাই। তার বাবার নাম রামলাল বসু। প্রথমে নিজ গ্রামে, পরে কলকাতায় রিপন কলেজিয়েট স্কুলে ভর্তি হন। ১৯১৯ সালে ম্যাট্রিক পরীক্ষায় লেটারসহ প্রথম বিভাগে পাস করে বাগেরহাট কলেজে ভর্তি হন। কলেজের ছাত্র থাকাকালে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং স্বদেশি আন্দোলনে যোগ দেন। ১৯২২ সালে আইএ পাস করেন। ১৯২৪ সালে আশুতোষ কলেজ থেকে ডিস্টিংশন নিয়ে বিএ পাস করার পর শুরু করেন আইন পড়া। কিন্তু অর্থনৈতিক কারণে পড়া বন্ধ রেখে যোগ দেন শিক্ষকতায়। ভবানীপুর সাউথ সাবারবন বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন। একসময় পরিপূর্ণভাবে সাহিত্যচর্চার জন্য শিক্ষকতা পেশা ত্যাগ করে বেঙ্গল পাবলিশার্স নামে একটি প্রকাশনী সংস্থা প্রতিষ্ঠা করেন। তার ‘বাঘ’ গল্পটি সম্পর্কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বসিত প্রশংসা করেন। গুরু সদয় দত্ত প্রতিষ্ঠিত বাংলার শক্তি পত্রিকাটি প্রকাশিত হয় ১৯৪৪ সালে। তিনি পত্রিকাটি সম্পাদনাসহ সাহিত্যের খবর পত্রিকাটিও সম্পাদনা করতেন। তিনি বাংলা সাহিত্য আকাদেমির সভাপতিমণ্ডলীর অন্যতম এবং কলকাতার নিখিল ভারত লেখক সম্মেলন ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সাধারণ সম্পাদক ছিলেন। জীবনে দুঃসহ অবস্থার মধ্যেও কখনো থেমে থাকেনি তার সাহিত্যচর্চা। ‘নিশিকুটুম্ব’ তার উল্লেখযোগ্য উপন্যাস। নানা ভাষায় তার রচনা অনূদিত এবং চলচ্চিত্রায়িত হয়েছে। স্বদেশ ও বিদেশে তিনি বহু স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছেন। ১৯৮৭ সালের ২৭ ডিসেম্বর তিনি মারা যান।