আগরতলায় বাংলাদেশের ব্যবসায়ীর মাছ ছিনতাই!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে রপ্তানিকৃত বাংলাদেশি ব্যবসায়ীর ৬ হাজার ৩৫০ কেজি মাছবোঝাই একটি ট্রাক ছিনতাই হওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থলবন্দরের ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

গত ১৫ দিনেও আগরতলার ব্যবসায়ীরা মাছ ছিনতাইয়ের ঘটনার কোনো সুরাহা করতে না পারায় এ বন্দরে আমদানি ও রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ১৩ জুলাই থেকে আগরতায় মাছ রপ্তানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। দ্রুত এ ঘটনার সমাধান না হলে এবং রপ্তানিকৃত মাছের মূল্য ফেরত না পেলে এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতির সভাপতি ও ছিনতাই হওয়া মাছের রপ্তানিকারক ঈদন মিয়া জানান, তিনি ৯ জুলাই ১ লাখ ৬০ হাজার ৫০৫ ডলার মূল্যমানের মাছ ত্রিপুরায় রপ্তানি করেন। ২৪টি ট্রাকে করে ওই মাছগুলো পাঠানো হয়। ওই দিন রাতে মাছের আমদানিকারক আগরতলার ব্যবসায়ী ভাস্কর দাস তাকে জানান, মাছবাহী ট্রাকগুলো বন্দর থেকে বাজারে যাওয়ার পথে রামনগর এলাকায় রাজ্যের ক্ষমতাসীন দলের কতিপয় উচ্ছৃঙ্খল যুবক এক ট্রাক মাছ ছিনতাই করে নিয়ে গেছে। ওই ট্রাকে ১২৭টি কার্টনে ৬ হাজার ৩৫০ কেজি মাছ ছিল। যার মূল্য ১৫ হাজার ৮৭৫ ডলার। ছিনতাই হওয়া মাছের মূল্য পরিশোধ করতে পারবেন না বলে ভাস্কর দাস জানিয়েছেন। বিষয়টি সমাধানের জন্য আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা আগরতলার ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তাদের সহযোগিতা পাওয়া যায়নি।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দ্রুত এ সমস্যার সমাধান না হলে এ বন্দর দিয়ে আমরা সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করে দেব।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা বলেন, ত্রিপুরার ক্ষমতাসীন দলের ব্যবসায়ী নামধারী কিছু উচ্ছৃঙ্খল লোকের দ্বারা বাংলাদেশের ব্যবসায়ীরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর কোনো প্রতিকার পাচ্ছি না।