বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মুন্সি মিয়া (৫৫) নামে এক জেলের সন্ধান গত দুই দিনেও মেলেনি। গত বুধবার গভীর রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি গরীব উল্লাহ শাহ্ নামক ট্রলারটি ডুবে ওই জেলে নিখোঁজ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে সরকারঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে চট্টগ্রামের আনোয়ারা উপকূলের বেশ কয়েকটি মাছধরা ট্রলার সাগরে মাছ ধরতে যায়। গত বুধবার রাতে কক্সবাজার উপকূলে এফবি গরীব উল্লাহ শাহ্ ট্রলারটি জাল ফেলে নোঙর করে। হঠাৎ একটি জাহাজ যাওয়ার সময় ঢেউ আছড়ে পড়ে ডুবে যায় ট্রলারটি। ট্রলারে ১২ জন মাঝিমাল্লা ছিলেন। তাদের মধ্যে ১১ জন সাঁতরে অন্য ট্রলারে উঠতে সক্ষম হন। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, সাগরে ট্রলারডুবির ঘটনায় এক জেলে নিখোঁজের খবর শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।