ফেনীতে পৌর কাউন্সিলর আটক

ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবু ইউসুফ বাদলকে আটক করেছে র‌্যাব।  গতকাল শুক্রবার বিকেলে পৌরসভার পূর্ব মধুপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, পৌর কাউন্সিলর বাদল রেশন কার্ড, বয়স্ক, বৃদ্ধ ও বিধবাভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার নাম করে অসহায়দের কাছ থেকে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

সম্প্রতি মাতৃদুগ্ধ ভাতা কার্ডধারী ২১ জনের কাছ থেকে ৩ হাজার টাকা করে নেওয়ার কথা স্বীকার করেন কাউন্সিলর বাদল। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিনি জানান, নিজের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, তাই তাদের কাছ থেকে টাকা নিয়েছেন।

র‌্যাব-৭ ফেনীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. নুুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।