হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আবদুল হাকিম (২৫) নামে একজনকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে উপজেলার আইলহাঁস পদ্মবিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আবদুল হাকিম একই উপজেলার আইলহাঁস গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সকালে পদ্মবিলের পানিতে আবদুল হাকিমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, নিহত হাকিমের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে।

অপরদিকে, পটুয়াখালী পৌর শহরের গোরস্থান রোড এলাকায় আবাসিক হোটেল সাউথ কিংয়ের একটি কক্ষ থেকে পিংকি নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাহাত নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রাহাত ও পিংকির বাড়ি খুলনার খালিশপুর এলাকায়।

হোটেল সূত্র জানায়, স্বামী-স্ত্রী পরিচয়ে গত বৃহস্পতিবার সকালে রাহাত ও পিংকি হোটেলের ওই কক্ষে ওঠেন।