কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুদরত আলী মন্ডল (৫০) নামে এক আসামি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।
শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ডাংমড়কা সেন্টারমোড় এলাকায় আবুল কালাম আজাদের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
নিহত কুদরত আলী মন্ডল উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামের মৃত নিয়ামত আলী মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি দেশীয় অস্ত্র (হাঁসুয়া) ও ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। কুদরত আলীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে অন্তত ৬টি মামলা রয়েছে।
দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ডাংমড়কা সেন্টারমোড় এলাকার আবুল কালাম আজাদের ইটভাটায় অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়।
গোলাগুলিতে পুলিশের এক এএসআইসহ ৩ পুলিশ আহত হয়েছেন বলে দৌলতপুর থানার ওসি জানিয়েছেন।