রেকর্ড ১০৩ বছর বয়সে করোনাজয়ী এই পাকিস্তানি

করোনাভাইরাস বয়স্কদের বেশি মৃত্যুর দিকে ঠেলে দিলেও পরাস্ত হয়েছে আজিজ আব্দুল আলিমের কাছে। প্রাণঘাতী এই রোগের সঙ্গে লড়াইয়ে ১০৩ বছর বয়সেও সুস্থ হয়ে উঠেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই পাকিস্তানিই বিশ্বে সবচেয়ে বয়স্ক করোনাজয়ী ব্যক্তি।

আলিমের বাড়ি পাকিস্তানের উত্তরাঞ্চলের প্রদেশ খয়বর পাখতুনখাওয়ার পার্বত্য ছিত্রাল জেলায়। জুলাইয়ের শুরুতে করোটায় আক্রান্ত হওয়ার পর একটি ইমারজেন্সি রেসপন্স সেন্টার থেকে সুস্থ হয়ে গত সপ্তাহে বাড়ি ফেরেন তিনি।

নিজেদের গ্রাম থেকে ফোনে রয়টার্সকে আলিমের ছেলে সোহাইল আহমেদ বলেন, “বয়সের কারণে আমরা উনাকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম। কিন্তু তিনি উদ্বিগ্ন ছিলেন না।”

সোহাইল জানান, আলিম বলছিলেন, জীবনে অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছেন। করোনাভাইরাস তাকে ভয় দেখাতে পারবে না। তিনি খুব একটা আইসোলেশনেও থাকেননি।

দীর্ঘ জীবনে আলিমের তিনজন স্ত্রী’র মৃত্যু হয়েছে। নয় ছেলে-মেয়ের জনক তিনি। ৫০ বছরের কোটায় থাকা সোহাইল জানান, চতুর্থ স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পঞ্চমবারের মতো বিয়ে করেছেন তার বাবা।

আগা খান হেলথ সার্ভিস ইমারজেন্সি সেন্টারে চিকিৎসা নেন আলিম। সেখানকার সিনিয়র মেডিকেল অফিসার ডা. সরদার নেওয়াজ রয়টার্সকে জানান, চিকিৎসার সময় আলিমকে অনেক নৈতিক এবং মানসিক প্রেরণা দেওয়া হয়েছে।

আলিম চিকিৎসা নিতে আসার মাত্র কয়েক সপ্তাহ আগে মেয়েদের একটি হোস্টেলে স্থাপন করা হয় হেলথ সেন্টারটি। ওই অঞ্চলে কয়েক মাইলের মধ্যে একমাত্র করোনা চিকিৎসা কেন্দ্র এটি।

উপমহাদেশের দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণে পাকিস্তান অন্যতম। এই অঞ্চলে ভারতের পরই তাদের অবস্থান। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭১ হাজার ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ৫ হাজার ৭০০ মানুষের।