চাঁদপুরে ডুবে যাওয়া স্কুল ভবন এখন নৌ-দুর্ঘটনার ফাঁদ

সম্প্রতি শেষ হয়েছিল দৃষ্টিনন্দন বিদ্যালয় ভবনের কাজ। কিন্তু এক দিনের জন্যও পাঠ গ্রহণের সুযোগ পায়নি শিক্ষার্থীরা! প্রমত্তা পদ্মা চোখের সামনেই গ্রাস করে নিয়েছে কোটি টাকার বিদ্যালয় ভবনটি। এখন সেই ভবনই নৌ-দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। তিন তলাবিশিষ্ট ভবনটি পানির নিচে ডুবে থাকায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

নৌ-দুর্ঘটনারোধে ডুবে থাকা ভবনটি চিহ্নিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও নৌযান চালকেরা।

রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারি বলেন, ভাঙনের কারণে স্কুল কাম সাইক্লোন শেল্টারটি জোয়ারের সময় পানির নিচে তলিয়ে থাকে। আর ভাটার সময় ভবনের ওপরের কিছু অংশ দেখা যায়। এখন কোনো জাহাজ যদি এর ওপর দিয়ে যায় তাহলে তো দুর্ঘটনা ঘটে যাবে।

চাঁদপুর বিআইডবিস্নউটিএর যুগ্ম পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, মূলত ওই অঞ্চল দিয়ে বড় ধরনের কোনো নৌযান চলাচল করে না। তারপরও আমরা ডুবে যাওয়া ভবনের স্থানটি পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

পদ্মা-মেঘনা নদীবেষ্টিত রাজরাজেশ্বর চরে ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটি। উদ্বোধনের অপেক্ষায় থাকা বিদ্যালয়টি গত দুই মাস আগে হস্তান্তর করে ঠিকাদার প্রতিষ্ঠান। গত কয়েক দিনের ভাঙনে ওই এলাকার চার শতাধিক মানুষ বসতভিটা হারিয়েছে।