করোনা: সাপ্তাহিক রেকর্ডেও ভয়াবহ উত্থান

নভেল করোনাভাইরাস শনাক্তের দিনভিত্তিক হিসাবে প্রায় প্রতিদিন রেকর্ড হচ্ছে। শুক্রবার সর্বোচ্চ সংখ্যক মানুষ শনাক্তের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার শনিবারের হিসাবও রেকর্ডের পথে রয়েছে। এর মাঝে সংস্থাটি জানিয়েছে, সাপ্তাহিক হিসাবও আগের সব পরিসংখ্যানকে পেছনে ফেলেছে।

ডব্লিউএইচর দেয়া তথ্য অনুযায়ীয়, গত পাঁচ সপ্তাহে গড়ে ১০ লাখের বেশি করে মানুষ কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত পৃথিবীতে শনাক্ত হয়েছিল ১৪ লাখ ৫৭ হাজার ৭৯৯ জন। এরপর ২১ জুলাই থেকে চলতি সপ্তাহের ২৬ তারিখ পর্যন্তই শনাক্তের সংখ্যা ১২ লাখ ২৭ ছাড়িয়ে গেছে!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গেছে শুক্রবার পৃথিবীতে ‘সর্বোচ্চ’ ২ লাখ ৮৪ হাজার ১৯৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন।

এর আগে ১৮ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল, ২ লাখ ৫৯ হাজার ৮৫৪ জন।

শুক্রবার সর্বোচ্চ শনাক্তের ওই রিপোর্ট প্রকাশের পর থেকে রবিবার বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত গোটা পৃথিবীতে আরও ২ লাখ ৮৪ হাজার ৮৩ জন আক্রান্ত হয়েছেন। তার মানে শেষ ২৪ ঘণ্টার হিসাবে এদিন বিকেল কিংবা দুপুর নাগাদ ফের রেকর্ড হতে পারে!

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সেই ডিসেম্বর থেকে এখন পর্যন্ত গোটা পৃথিবীতে (রিয়েল টাইমে) রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬২ লাখ ৩২৬ জন। নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হয়েছেন ৯৯ লাখ ১৩ হাজার ৭২ জন। মারা গেছেন ৬ লাখ ৪৮ হাজার ৪৪০ জন।