‘মেসিকে চাইবে না বিশ্বে এমন কোনো পাগলও নেই’

লিওলে মেসির প্রতি ফের মুগ্ধতা প্রকাশ করলেন ইন্টার মিলানের কোচ আন্তোনিও কোন্তে। তার দৃষ্টিতে বার্সেলোনা তারকা ‘ফুটবলের ফ্যান্টাসি’, তাকে চাইবে না বিশ্বে এমন কোনো পাগলও পাওয়া যাবে না!

আগামী মৌসুমে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ৩৩ বছর বয়সী মেসির। সংবাদমাধ্যমে বেশ কিছুদিন ধরে জোর গুঞ্জন, কাতালান ক্লাবটি ছাড়তে প্রস্তুত ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার।

কয়েকদিন আগে সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইতালির মিলানে বাড়ি কিনছেন মেসির বাবা হোর্হে মেসি। এতে অনেকের ধারণা, বার্সেলোনা ছাড়লে মেসির পরবর্তী ঠিকানা হতে পারে ইন্টার মিলান।

শনিবার রাতে সেরি আর ম্যাচে জেনোয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর মেসি প্রসঙ্গেও কথা বলেন ইন্টারের কোচ কন্তে- “আমরা ফুটবলের ফ্যান্টাসির (মেসির) ব্যাপারে কথা বলছি। বর্তমানে যা পরিস্তিতি তাতে মেসির সঙ্গে অনেক কারণেই ইন্টারের যোগাযোগ করা যাবে না।”

“মেসিকে চাইবে না, বিশ্বে এমন কোনো পাগল আছে বলেও আমার মনে হয় না। তবে তাকে চাওয়ার ব্যাপারটি বর্তমান পরিস্থিতিতে ইন্টার থেকে, আমরা যা করছি এবং আমরা যা গড়ে তোলার চেষ্টা করছি সেখান থেকে অনেক অনেক দূরে।”

“আমাদের আগে শক্ত একটা ভিত তৈরি করা দরকার। এরপর তাকে হয়তো চাওয়া যেতে পারে...এটা আসলে ফুটবলের ফ্যান্টাসি। এই ফ্যান্টাসির সঙ্গে ইন্টারের আলোচনা হয় এটাই আমার ভালো লাগে। বিষয়টার সঙ্গে সবসময় ইন্টারেরই আলোচনা হয়।”