অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে নিজেদের বাকি চার ম্যাচ খেলবে বাংলাদেশ। এই চার ম্যাচের জন্য ৩৬ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রবিবার ঘোষিত দলে নতুন মুখ ৪ জন। নতুন ডাক পাওয়াদের মধ্যে রয়েছেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া প্রবাসী বাংলাদেশি ফুটবলার তারিক রায়হান কাজী। ২০১৯-২০ মৌসুমে যিনি বসুন্ধরা কিংসের জার্সিতে খেলেছেন।
তারিকের সঙ্গে বাংলাদেশ পুলিশের উইঙ্গার এসএম বাবলু, হোল্ডিং মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেল এবং উত্তর বারিধারার স্ট্রাইকার সুমন রেজা প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক দলে ডাক পেয়েছেন।
এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার মাশুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ, মোহাম্মদ আবদুল্লাহ এবং নাবিব নেওয়াজ জীবন।
দল নিয়ে প্রধান কোচ জেমি ডে ইংল্যান্ড থেকে বলেন, ‘আমরা স্কোয়াডে কিছু নতুন খেলোয়াড় এনেছি এবং অপেক্ষায় আছি তারা কেমন করে সেটা দেখা জন্য। আশা করি নতুন এবং পুরাতন মিলিয়ে ৩৫ জনের এই দলটা ভালো দল হবে। আমরা তাদের সকলকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি। আশা করি, এটি একটি ভাল ক্যাম্প হতে যাচ্ছে।’
বাফুফের সহ-সভাপতি এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল বলেন, ‘৫ আগস্ট থেকে আমাদের ফিফা-এএফসি যৌথ বাছাই পর্বের জন্য ক্যাম্প শুরু হবে। সেই উদ্দেশ্যে আজ হেড কোচ আমাদের কাছে প্রাথমিকভাবে ৩৬ জন ফুটবলারের একটি তালিকা পাঠিয়েছে। যৌথ বাছাই পর্বে আমাদের চারটি ম্যাচ রয়েছে। পাশাপাশি আমরা প্রস্তুতির অংশ হিসাবে আরো দুটি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি। আমরা যথেষ্ট খেলোয়াড় হাতে রেখেছি যাতে কেউ ইনজুরিতে পড়লে অথবা অসুস্থ হলে আমরা সেই জায়গাগুলো রিপ্লেস করতে পারি।’
৩৬ জন খেলোয়াড়ের মধ্যে থেকে এক মাসের মধ্যে ২৫ জনকে বাছাই করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
৩৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান ও পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, তারিক রায়হান কাজী ও মনজুরুর রহমান মানিক।
মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মোহাম্মদ আরিফুর রহমান, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও নাজমুল ইসলাম রাসেল।
ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মো. আবদুল্লাহ, ম্যাথিউজ বাবলু ও সুমন রেজা।