করোনাকালে দেশের জাতীয় উদ্যানগুলোতে জনসমাগম না হওয়ায় পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা ও বনজ সম্পদের উন্নয়ন হয়েছে বলে জানিয়েছে একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তাই প্রাণ-প্রকৃতি রক্ষা ও বনজ সম্পদ উন্নয়নে লাউয়াছড়াসহ দেশের বিভিন্ন উদ্যানের জনসমাগম আগামী অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ করেছে কমিটি। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে বন সংরক্ষণ আইন-২০২০-এর খসড়া, কমিটির ১ম থেকে ৫ম সভার সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি, করোনাকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন উদ্যানের জনসমাগম না হওয়ায় পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা ও বনজ সম্পদের যে উন্নয়ন হয়েছে সে সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিবেদন, করোনাকালীন বাঘ, হাতি ও ডলফিনের মৃত্যু সম্পর্কে স্ব-স্ব দপ্তরের এবং সাম্প্রতিক চট্টগ্রামে পাহাড় কাটার যে ঘটনা ঘটেছে সে বিষয়ে পরিবেশ অধিদপ্তরের বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।