পটুয়াখালীতে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রুহুল আমিন হাওলাদার (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

ল্যাব এইড হসপিটালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ জন।

এছাড়া জেলায় ইন্টার্নি চিকিৎসক, ব্যবসায়ী ও শতবর্ষী এক নারীসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতরাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮২ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১১ জন সদর উপজেলার, ৩ জন দুমকির, ২ জন দশমিনার ও একজনের বাড়ি বাউফল উপজেলায়। আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল। প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যায় ২৯ এপ্রিল। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭০ জন।