আরও ৪৭ চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত

এক মাসের মধ্যে আরও ৪৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত। এর আগে ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল দেশটি। 

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শুক্রবার ৪৭টি চীনা অ্যাপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

নতুন করে নিষিদ্ধ হওয়া অ্যাপগুলো আগে নিষিদ্ধ হওয়ার অ্যাপগুলোর ক্লোন বলে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানায়। 

গত ২৯ জুন টিকটক, শেয়ারইট, ইউসিব্রাউজারসহ ৫৯ চীনা অ্যাপ তথ্য-প্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় নিষিদ্ধ করে ভারত। 

দেশটির জাতীয় সুরক্ষা, সংহতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়। 

তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, এই প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে চলবে। নতুন করে ৪৭টি চীনা অ্যাপ নিষিদ্ধকরণ সেই প্রক্রিয়ারই অংশ।

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে বিরোধ নিয়ে উত্তেজনায় এমন সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। ওই বিরোধে চীনা সেনাদের হামলায় ২০ জনের মতো ভারতীয় সেনা নিহত হয়েছিল।