করোনার নতুন চিকিৎসাপদ্ধতির ঘোষণা আসছে

যুক্তরাষ্ট্র অল্পদিনের মধ্যেই করোনাভাইরাসের নতুন চিকিৎসা পদ্ধতির ঘোষণা দিতে পারে বলে আভাস পাওয়া গেছে। এ ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোস। গত রবিবার এবিসি নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি আভাস দিয়েছেন, করোনা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর থেরাপিভিত্তিক এক নতুন চিকিৎসা পদ্ধতির ঘোষণা দিতে যাচ্ছে হোয়াইট হাউজ।

করোনার থাবায় বিপর্যস্ত সারা বিশ্ব। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে এই মারণভাইরাসে। এখনো কার্যকর কোনো চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা যায়নি। বিশ্বে ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে আছে ১৭৩টি উদ্যোগ। এর মধ্যে তৃতীয় ধাপের পরীক্ষায় পৌঁছাতে পেরেছে তিনটি, তবে কোনো ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্যের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এমন পরিস্থিতিতে নতুন এক চিকিৎসা পদ্ধতি নিয়ে আশাবাদের কথা শোনালেন মার্ক মিডোস।

যুক্তরাষ্ট্রে গত রবিবার মিডোস বলেছেন, ‘আমি আশাবাদী যে থেরাপিউটিক্সের কিছু যুগান্তকারী প্রযুক্তির সহায়তায় আমরা অল্প দিনে কিছু নতুন থেরাপির ঘোষণা দিতে সক্ষম হব।’

করোনার চিকিৎসা নিয়ে আশার বাণী শোনালেও কী ধরনের থেরাপি আসছে, তাতে কী ধরনের যুগান্তকারী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা খোলাসা করেননি মার্ক মিডোস।