ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন শাহনাজ রহমান। তিনি গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী। শাহনাজ রহমান ট্রান্সকম গ্রুপের পরিচালক হিসেবে দীর্ঘ বছর থেকেই দায়িত্ব পালন করে আসছিলেন।
গ্রুপ পরিচালক সিমিন রহমান ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করবেন। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপের সব কোম্পানি ও সহযোগী কোম্পানির পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করবেন সিমিন রহমান। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের এমডির দায়িত্ব পালনের পাশাপাশি গ্রুপের অন্যান্য কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ট্রান্সকম লিমিটেড গত রবিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, গ্রুপের পরিচালনা পর্ষদ সম্প্রতি শাহনাজ রহমানকে গ্রুপের চেয়ারম্যান ও এমডি হিসেবে দায়িত্ব পালন করার অনুমোদন দিয়েছে। গ্রুপের সব সহযোগী কোম্পানিরও চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি।
স্বেচ্ছায় পদত্যাগের আগ পর্যন্ত দুজনেই যার যার দায়িত্বে থাকবেন বলে ঘোষণায় উল্লেখ করা হয়। বলা হয়, ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদ নতুন চেয়ারম্যান ও গ্রুপ সিইওকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছে।