অনেক শ্রম দিয়ে আমি পপি হয়েছি

করোনা আক্রান্ত হয়ে খুলনায় নিজের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি। এরই মধ্যে তার কাছে উড়ে গেল চলচ্চিত্র শিল্পী সমিতির একটি চিঠি। তাতে চলচ্চিত্র শিল্পী সমিতিকে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদানের জন্য তাকে শোকজ  নোটিস পাঠানো হয়েছে। এ নিয়ে কথা বলেছেন রণ

হতাশা...

সবাই জানেন আমি করোনা পজিটিভ। শারীরিকভাবে খুব অসুস্থ, একই সঙ্গে মানসিকভাবেও ভেঙে পড়েছি। আমার জন্য পরিবারের কোনো ক্ষতি না হয় কি না এই চিন্তা হচ্ছে। কিন্তু এর মধ্যেও আমাকে শোকজ নোটিস পাঠানোয় আমি রীতিমতো হতাশ। মানুষের কি বিবেক বলে কিছু নেই? আমরা কারও দুঃসময়ে পাশে না থাকতে পারি, অন্তত তাকে হেনস্তা তো করতে পারি না। যাই হোক, বিষয়টি নিয়ে আমি আর চুপ থাকতে পারিনি। তাই ফেইসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আমার মনের কথা বলেছি।

শোকজ নোটিস...

আমি নাকি বর্তমান শিল্পী সমিতির সবাইকে উদ্দেশ্য করে একটি জাতীয় দৈনিকে বলেছি তারা সাবাই দালাল! এমনকি আমার বিরুদ্ধে আরও অভিযোগ করা হয়েছে, আমি নাকি শিল্পী সমিতির সবার কাজের সমালোচনা করেছি। এজন্য আমাকে দুটি কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। কিন্তু আমি কী কারণ দেখাব? যে চিঠি পাঠানো হয়েছে তাতে শিল্পী সমিতির আর কারও স্বাক্ষর নেই। আমি মাত্র একজনকে দালাল বলে আখ্যায়িত করেছি, বিষয়টি আমি জানি এবং তিনিও জানেন। চলচ্চিত্রের সবাই জানে। সেই ব্যক্তি ব্যক্তিগত রাগ থেকে আমাকে শিল্পী সমিতির প্যাডে চিঠি দিলে আমি কেন সেটার তোয়াক্কা করব? শিল্পী সমিতির বাকিরা মিলে কি আমার মতো শিল্পীকে শোকজ নোটিস পাঠিয়েছেন? তাহলে তার এমন স্পর্ধা কী করে হয়?

ক্ষোভ...

আমি চলচ্চিত্র ও চলচ্চিত্রের মানুষকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। অনেক শ্রম দিয়ে আমি পপি হয়েছি। আমার একক নামে বহু সুপার-বাম্পারহিট মুভি ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছি। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বহুবার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। শ্রদ্ধেয় ফারুক, আলমগীর, কাঞ্চন, রুবেল, ডিপজল, মিশা, সোহেল রানা ভাইদের সঙ্গে আমি সৌভাগ্যক্রমে বহু ছবিতে কাজ করেছি। তারা কি আমার মতো শিল্পীকে সদস্য পদ বাতিলের জন্য চিঠি দিতে বলেছেন? আনোয়ারা আন্টি, ববিতা আপা, শাবানা আপা, চম্পা, নতুন, রোজিনা আপুসহ মৌসুমী আপু, সানী, রিয়াজ, ফেরদৌস, শাকিব, অমিত হাসান, পূর্ণিমা, নিপুণ, মুক্তি, নিরব, সাইমন ও পপিসহ ১৮৪ জন জায়েদ খানের বাতিলকৃত শিল্পী। আরও অনেক গুণী, পরীক্ষিত, সম্মানিত ও সর্বজন স্বীকৃত বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা কি চলচ্চিত্র থেকে চলে যাবেন? শুধু একজনের নোংরামির কারণে? তার পছন্দ-অপছন্দের কারণে? শিল্প বা শিল্পীকে ধ্বংস না করে নিজের চরিত্র ঠিক করে শিল্পী হতে চেষ্টা করা উচিত। তবেই চলচ্চিত্রের মানুষ এবং দর্শকপ্রিয়তা পাওয়া যাবে। আমি চলচ্চিত্রের পপি, আমি জনগণের পপি। কোনো ব্যক্তি বা সমিতির পপি নই।