কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে এক কিশোরীকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই কিশোরীর মা। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

গ্রেপ্তার ফরহাদ হোসেন (৪০) ধামরাই উপজেলার কালামপুর এলাকার রহিম উদ্দিনের ছেলে। 

থানা পুলিশ জানায়, ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে সৎ মেয়েকে ভয়ভীতি ও হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। এক পর্যায়ে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পোশাক শ্রমিক মাকে খুলে বলেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা মঙ্গলবার সকালে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সৎ বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ কালামপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, সৎ মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী কিশোরীর মা। ওই ঘটনায় লম্পট বাবা ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।