নারায়ণগঞ্জে বিআরটিসি বাসের চাপায় শাহনাজ বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে বাসটি চাপা দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান দেশ রূপান্তরকে জানান, সোমবার দুপুরে রাস্তা পারাপারের সময় বৃদ্ধা শাহনাজ বিআরটিসি বাসের চাকার নিচে চাপা পড়ে। প্রথমে তাকে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল নিতে বলেন। সেখানে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, বিআরটিসির গাড়িটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি, সে এখনো পলাতক।
নিহত বৃদ্ধা নারায়ণগঞ্জ রেল স্টেশন এলাকায় বসবাস করেন এবং ভিক্ষাবৃত্তি তার পেশা। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।