ব্রাজিলের রোবিনহো খেলবেন বসুন্ধরা কিংসের জার্সিতে! অবশ্য এই রোবিনহো সেই রোবিনহো, মানে রবসন ডি সৌজা নন। ২৫ বছর বয়সী এই রোবিনহো ব্রাজিলের বিখ্যাত ফ্লুমিনেন্স এফসিতে খেলেন। এএফসি কাপের জন্য এই উইঙ্গারকে বসুন্ধরা দলে ভেড়াচ্ছে বলে খবর।
কোস্টারিকান তারকা দানিয়েল কলিন্দ্রেসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি বসুন্ধরা কিংস। রাশিয়া বিশ্বকাপে খেলা এই তারকা চলে যাওয়ার পর থেকেই তার বিকল্প খুঁজছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
সেই বিকল্প হিসেবে রোবিনহোকে আনা হচ্ছে বলে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমে খবরটা এসেছে। তবে বসুন্ধরা কিংস প্রেসিডেন্ট ইমরুল হাসান এখনই চূড়ান্ত কিছু বলতে চাইছেন না, ‘রোবিনহোর ফেইসবুক পেজ থেকে খবরটা চাউর হয়েছে ব্রাজিলে। তবে এখনো ছোটখাটো কিছু ব্যাপার বাকি আছে। এ সম্পর্কে আর কিছু বলতে চাই না আমি।’
এই রোবিনহো ফ্লুমিনেন্স এফসির খেলোয়াড় হলেও তিনি ধারে খেলছেন সাও পাওলো শীর্ষ লিগের ক্লাব আগুয়া সান্তার হয়ে। ফ্লুমিনেন্সের সঙ্গে তার চুক্তি আগামী বছর পর্যন্ত। বসুন্ধরা কিংসেও আসলে তিনি ধারেই আসবেন। ট্রান্সফার মার্কেটে যার মূল্য দেখাচ্ছে সাত লাখ ৯৮ হাজার ডলার।