সাতক্ষীরার ভোমরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক তরুণকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক মাসুদ হোসেন ভোমরা লক্ষ্মীদাড়ী এলাকার শহিদুল ইসলামের ছেলে। নিজ বাড়ি থেকে মাসুদকে আটক করা হয়।
মামলার বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ভোমরা লক্ষ্মীদাড়ী এলাকার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কয়েক মাস আগে তার চাচার বাড়িতে বেড়াতে যায়। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকার যুবক মাসুদ তাকে কয়েকবার ধর্ষণ এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে।
পরে ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কলেজছাত্রীর বাবার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। সে সময় ৩০ হাজার টাকার বিনিময়ে কিছু ছবি দিলেও পরবর্তীকালে আবারও ৫০ হাজার টাকা দাবি করে। ওই টাকা না দেওয়ায় মাসুদ ছবি ও ভিডিও ইন্টারনেটসহ বিভিন্ন অ্যাপসে ছড়িয়ে দেয়।