ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তাহাজ্জত হোসেন (৫২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার সকালে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহাজ্জত হোসেন যশোর শহরের আঞ্জুমান এতিমখানার শিক্ষক ছিলেন।
আহতরা হলেন- যশোর শহরের খড়কি এলাকার রাসেল মিয়া (৩৮), আজগর আলী (২২) ও নজরুল ইসলাম (৪৫)।
নিহতের স্বজন হাসান খোকন জানান, তাহাজ্জত হোসেন বুধবার সকালে কালীগঞ্জের নলডাঙ্গা এলাকা থেকে কোরবানির গরু কিনে আলমসাধুতে করে বাড়ি ফিরছিলেন।
পথে তারা কালীগঞ্জের কাদিরপুর গ্রামের মধ্যে আসলে গাড়ির ওপর থেকে গরু লাফ দেয়। এ সময় আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে য্য়।
এতে চালকসহ ৪ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাহাজ্জত হোসেনকে মৃত ঘোষণা করেন।
অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহাফুজুর রহমান মিয়া জানান, গরু কিনে নিয়ে যাওয়ার সময় আলমসাধু উল্টে তাহাজ্জত হোসেন নামের একজন শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।