২৩ দিন পর মুক্ত হলেন ২ পাটকল শ্রমিক নেতা

খুলনায় সদ্য বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলের দুই শ্রমিক নেতা জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার তাদের জামিন দেওয়া হয়। বুধবার দুপুর ২টার সময় তারা খুলনা জেলখানা থেকে বের হন। 

ওই শ্রমিক নেতারা হলেন, ইস্টার্ন জুট মিলের শ্রমিক ও পাট শিল্প রক্ষা যুব জোটের আহ্বায়ক অলিয়ার রহমান এবং প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক ও পাট শিল্প রক্ষা যুব জোটের উপদেষ্টা নূর ইসলাম।

শ্রমিক নেতারা জানান, ৬ জুলাই রাত আড়াইটায় অলিয়ার রহমান এবং রাত সাড়ে ৩টায় নূরইসলামকে নিজ নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেয়ার ২০ ঘণ্টার মাথায় আগের একটি মামলায় দৌলতপুর থানায় গ্রেপ্তার দেখান হয় তাদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেয়া হলেও ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি অস্বীকার করে আসছিল। 

এ বিষয়ে নূর ইসলাম দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার জামিন হলেও কাগজপত্র পৌঁছাতে দেরি হওয়ায় বুধবার তারা কারাগার থেকে বের হয়েছেন।

শ্রমিক পক্ষের আইনজীবী তারিক মাহমুদ তারা বলেন, আমরা নথিপত্র উপস্থান করেছিলাম। আদালত সব কিছু বিবেচনা করে তাদের জামিন দিয়েছেন।